চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘সরস্বতী জ্ঞান মন্দির’ (কেন্দ্রীয় মন্দির) উদ্বোধন করা হয়েছে । মন্দিরটি উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্দির উদ্বোধনের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ২ নাম্বার গেইট সংলগ্ন এলাকায় নবনির্মিত এই মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে, গত সোমবার (২০ এপ্রিল) উৎসবমুখর পরিবেশে মন্দিরটির দ্বারোদঘাটন করা হয়েছিল।

এটি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম। বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের নিয়ে গঠিত সনাতন ধর্ম পরিষদের দাবির প্রেক্ষিতে ২০১১ সালে তৎকালীন প্রশাসন মন্দির নির্মাণের জন্য জায়গা বরাদ্দ দেয়।

পরবর্তীতে ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি প্রায় ২০ হাজার বর্গফুট জমির ওপর পূর্ণাঙ্গ ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ শুরু হয়। মনোরম স্থাপত্যশৈলিতে নির্মিত এই মন্দিরের মূল স্থাপনা নির্মাণে সম্পূর্ণ অর্থায়ন করেছেন অদুল-অনিতা ফাউন্ডেশন। ট্রাস্টি শ্রী অদুল কান্তি চৌধুরী ও শীমতী অনিতা চৌধুরীর ব্যক্তিগত অনুদানে এটি বাস্তবায়িত হয়।

এটির নকশা ও প্রকৌশল সহায়তা দেয় ‘এস্ট্রো’ এবং ইন্টেরিয়র সজ্জায় যুক্ত ছিল ‘দি-অ্যাড কমিউনিকেশন’। সার্বিক তত্ত্বাবধানে ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত মন্দির নির্মাণ ও পরিচালনা কমিটি।

মন্দির উদ্বোধন শেষে আলোচনা সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন। এছাড়া অদুল-অনিতা ট্রাস্টের চেয়ারম্যান অদুল কান্তি চৌধুরী ও কো-চেয়ারম্যান অনিতা চৌধুরীও অনুষ্ঠানে অংশ নেন।

 

আরও খবর