জুলাই সনদ বাস্তবায়নে সরকারের গড়িমসি, ১১ দলের বিক্ষোভের ডাক
জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। নতুন কর্মসূচি অনুযায়ী, শনিবার (৪ এপ্রিল) বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ-সমাবেশ করা হবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে জোটের এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কর্মসূচির কথা জানান ১১ দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
সাবেক এমপি হামিদুর রহমান আযাদ বলেন, ‘সরকার সংস্কারকে ধামাচাপা দিয়ে শুধু সংবিধানের সংশোধনী আনতে চায়। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে। আমাদের আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রাজপথের আন্দোলন ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই।’
তিনি আরো জানান, আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) জোটের শীর্ষ নেতাদের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে বুধবার (১ এপ্রিল) রাতে সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘গণভোটের রায় নিয়ে সরকারি দলের কর্মকাণ্ডে আমরা অত্যন্ত বিস্মিত, আহত ও মর্মাহত। আমরা জনগণের রায় বাস্তবায়নের দাবিতে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে যাব ইনশাআল্লাহ এবং দাবি আদায় করেই ছাড়ব।’
