সিএমপির নতুন কমিশনার শওকত আলী
চট্টগ্রাম নগর পুলিশ-সিএমপি’র কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্) হাসান মো. শওকত আলীকে। শওকত আলী সিএমপিতে এর আগেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন হওয়া হাসিব আজিজের স্থলাভিষিক্ত হলেন।
রবিবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষর করেন।
অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশকে র্যাব মহাপরিচালক, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে এসবি প্রধান ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
