চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ কাউছার জামান বাবলু (৩৪) নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৬ এপ্রিল) ভোরে রাউজান থানার পূর্ব রাউজান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি মো. শফি (৩৯) এবং ৫ নম্বর আসামি মো. সুমন (৩৩)। দুজনই পূর্ব রাউজান এলাকার বাসিন্দা।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (জনসংযোগ) মোহাম্মদ রাসেল জানান, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা দুই আসামিকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জান গেছে, গত শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলিখীল খামারটিলা (জঙ্গল রাউজান) এলাকার বিএনও ব্রিকফিল্ডের উত্তর-পূর্ব পাশে রাস্তার ওপর পূর্ব শত্রুতার জেরে ওত পেতে থাকা সন্ত্রাসীরা বাবলুকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাঁর পিঠের বাম পাশে গুলি লাগলে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। পরে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। নিহত বাবলু পূর্ব রাউজান এলাকার আবুল কালামের ছেলে।
এই হত্যাকাণ্ডের পর নিহতের পিতা আবুল কালাম বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করে রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-২১)।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না।

 

আরও খবর