চট্টগ্রামের আলোচিত ‘শীর্ষ সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের জিজ্ঞাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ডে পাচ্ছে পুলিশ। সিএমপির বাকলিয়া থানার একটি ডাবল মার্ডার মামলায় পাঁচ দিন এবং বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী।

বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়। পরে দুই মামলায় তার রিমান্ড মঞ্জুর করে আদালত।

২০২৫ সালের ৩০ মার্চ চট্টগ্রামের বাকলিয়া এলাকায় আরেক শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলাকে বহনকারী একটি প্রাইভেটকার লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে বাবলা বেঁচে গেলেও দুজন নিহত হন। এ ঘটনায় করা হত্যা মামলায় ডেভিড ইমনকে প্রধান সমন্বয়ক ও অন্যতম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলাটিতে জিজ্ঞাসাবাদের জন্য তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

এ ছাড়া বায়েজিদ বোস্তামী থানার শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলা হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সরোয়ার বাবলা ৫ নভেম্বর ২০২৫ বিএনপির নগর আহ্বায়ক ও এরশাদ উল্লাহর সঙ্গে গণসংযোগে গেলে বায়েজিদের ওয়াজেদিয়ায় তার পিঠে পিস্তল ঠেকিয়ে গুলি করা হয়। এঘটনায় বাবলা নিহত হন এবং চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়ে আহত হন।

গত ২৯ জুলাই রাতে ভারত পালিয়ে যাওয়ার সময় যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে চট্টগ্রাম ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশ। ইমন বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত।

আরও খবর