রোহিঙ্গারা ‘দয়া নয়, অধিকার’ চাইছে—পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর ও নির্ভরযোগ্য আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ এ সংকটের বোঝা অনির্দিষ্টকাল বহন করতে পারে না। রোহিঙ্গারা ‘দয়া নয়, অধিকার’ চাইছে।
বুধবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘অনিশ্চিত প্রত্যাবর্তন: প্রত্যাবাসনের পথে বাধা নিয়ে রোহিঙ্গাদের বক্তব্য’ শীর্ষক জাতীয় নীতি অবহিতকরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগ ও ক্রিমিনোলজি রিসার্চ ফোরাম অনুষ্ঠানটির আয়োজন করে। শামা ওবায়েদ ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, এর সমাধান মিয়ানমারেই নিহিত। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত শুধু সমর্থনের কথা না বলে বাস্তব ও কার্যকর সহায়তা নিয়ে এগিয়ে আসা।
বিভাগটির গবেষণার কথা উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গারা মিয়ানমারকে নিজেদের আবাসভূমি হিসেবে অস্বীকার করছে না। কিন্তু যে পরিস্থিতির কারণে তারা পালিয়ে এসেছে, সেই পরিস্থিতিতে ফিরে যেতে তারা রাজি নয়।
তিনি বলেন, একটি গ্রহণযোগ্য প্রত্যাবাসনের রূপরেখার গুরুত্বপূর্ণ ভিত্তি হলো স্বীকৃতি ও পরিচয়, জমি ও সম্পত্তির অধিকার, নিরাপত্তা এবং বিশ্বাসযোগ্য নিশ্চয়তার মাধ্যমে আস্থা তৈরি করা।
‘প্রত্যাবাসন একটি আস্থার বিষয়,’ উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গারা ‘দয়া নয়, অধিকার’ চাইছে।
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণের কথাও স্মরণ করেন প্রতিমন্ত্রী। ওই ভাষণে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে পাঁচটি জরুরি অগ্রাধিকার তুলে ধরেছিলেন। যার মধ্যে ছিল টেকসই প্রত্যাবাসনের জন্য বিশ্বাসযোগ্য রূপরেখা প্রণয়ন, সহিংসতার অবসান, ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করা এবং আন্তঃদেশীয় অপরাধের বিরুদ্ধে আরও জোরালো পদক্ষেপ নেওয়া।
এর আগে গবেষক দলের পক্ষ থেকে তাদের গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। এতে কক্সবাজারের উখিয়ার ১৭টি ক্যাম্পে ৮১৬ জন রোহিঙ্গার ওপর জরিপ চালানো হয়েছে। প্রত্যাবাসন প্রক্রিয়ার সঙ্গে জড়িত অংশীজনদের ৭২টি একান্ত সাক্ষাৎকারও নিয়েছেন গবেষকরা।
পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ অপরাধবিজ্ঞান বিভাগ আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
