মিরসরাইয়ে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে অভিযান চালিয়ে ৪৮৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার ছোটফরিংগা সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। জব্দ করা শাড়ির আনুমানিক মূল্য ১৯ লাখ ৩৬ হাজার টাকা।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) সূত্রে জানা গেছে, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালানবিরোধী বিশেষ টহল দল এ অভিযান চালায়। ভোর সাড়ে পাঁচটার দিকে মীরসরাইয়ের নয়টিলা মাজারসংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় শাড়িগুলো জব্দ করা হয়। জব্দ করা শাড়ি কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী বাসিন্দাদের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছে বিজিবি।
