ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সচিব মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। খবর—বাসস

বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বিশেষ নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এ নিয়োগ কার্যকর থাকবে।

এতে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

ফেনীর সোনাগাজীর সন্তান গিয়াস উদ্দিন রিমন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পরে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (এলএসই) থেকে ক্রিমিনাল জাস্টিস পলিসিতে এমএসসি এবং ইউনিভার্সিটি অব নর্থামব্রিয়া থেকে এলএলবি সম্পন্ন করেন। ২০১৩ সালে লিংকনস ইন থেকে ব্যারিস্টার হিসেবে যোগ্যতা অর্জন করেন তিনি।

২১তম বিসিএস পুলিশ ক্যাডারের এই কর্মকর্তা সর্বশেষ অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুলিশিং বিষয়ে শিক্ষকতা করেন। ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত অ্যাংলিয়া রাসকিন ইউনিভার্সিটিতে প্রিন্সিপাল লেকচারার ইন পুলিশ এডুকেশন হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর ঝুলিতে চেভেনিং স্কলারশিপও রয়েছে।

আরও খবর