বিশ্ব পরিবেশ দিবসে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে চট্টগ্রামের ফুসফুসখ্যাত সিআরবিতে অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা ‘স্যাম বন্ড-সিআর টেনকে ২০২৬’। বাংলাদেশসহ বিশ্বের ১২টি দেশের প্রায় ১ হাজার ১৮২ জন দৌড়বিদের অংশগ্রহণে শুক্রবার (৫ জুন) নগরের ঐতিহ্যবাহী সিআরবি এলাকার শিরীষতলায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল-রান দ্যা সিটি।
প্রতিযোগিতা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দৌড়বিদরা ভোর ৫টা ১০ মিনিটের আগেই সিআরবি এলাকায় জড়ো হন। বিভিন্ন বয়সভিত্তিক ক্যাটাগরিতে বিজয়ীদের নগদ অর্থ ও সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
প্রতিযোগিতায় পুরুষ ক্যাটাগরিতে ৩৮ মিনিট ৪৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন আসাদুর রহমান মহসিন। ৪০ মিনিট ২৪ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন নূর-এ-আলম। ৪১ মিনিট ৪৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন মোহাম্মদ ইফতি। মহিলা ক্যাটাগরিতে প্রথম হয়েছেন ডা. নওরিন জাহান, দ্বিতীয় জারা, তৃতীয় হয়েছেন আয়শা আক্তার জুলি।
জেনারেশন নেক্সট (১৪-১৮ বছর) ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মাহফুজ রহমান তুরাব, দ্বিতীয় হয়েছেন আকিফ আবেদ আকিল এবং তৃতীয় হয়েছেন মো. ফেরদৌস আমিন। এ ছাড়া আরও তিনটি বয়সভিত্তিক ক্যাটাগরিতে প্রথম হয়েছেন সুব্রত পাল, মো. ইনামুল হক এবং সঞ্জীব কুমার ঘোষ। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ দিদারুল, মো. মুসা খান এবং মো. ফরিদ আহমেদ। তৃতীয় হয়েছেন আবু মো. জুলফিকার আজাদ, রতন কান্তি বড়ুয়া এবং মো. আসলাম পারভেজ।
পঞ্চমবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করে চট্টলা রানার্স। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এবারের আয়োজনে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। ক্রীড়ার পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়াও ছিল এবারের আয়োজনের অন্যতম লক্ষ্য।
শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে প্রতিযোগিতা শুরু হয়ে সকাল ৭টা ৩০ মিনিটের মধ্যে শেষ হয়। পরে সকাল ৭টা ৪৫ মিনিট থেকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এভারেস্টজয়ী পর্বতারোহী ডা. বাবর আলী, সিএমপির উপকমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, ফরহান জামানসহ স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।

আরও খবর