ডিপি ওয়ার্ল্ডের হাতে চট্টগ্রাম বন্দরের এনসিটি
চট্টগ্রাম নিউমুরিং কনটেইনার (এনসিটি) টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছর মেয়াদি চুক্তি সই করেছে সরকার। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রাইভেট পাবলিক পার্টনারশিপের আওতায় এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী ও ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইসা কাজিম।
এ সময় নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, চট্টগ্রাম বন্দরে যে সম্ভাবনা রয়েছে, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কাজ করার জন্য আমরা এই চুক্তি সম্পন্ন করেছি। চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে সরকার উন্নীত করতে চায়।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব হাসান বলেন, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির ফলে যে পরিমাণ অর্থ পাওয়া যাবে তা জাতীয় স্বার্থে কাজে আসবে। পণ্য দ্রুত খালাস হওয়ায় সময় কমে আসবে। এতে বাংলাদেশ ব্যবসা খাত প্রতিযোগিতা পূর্ণ হয়ে উঠবে।
বোর্ড অব ডিরেক্টর ও চেয়ারম্যান ইসা কাজিম, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির ফলে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে আরও দক্ষতার সঙ্গে যুক্ত হতে পারবে বাংলাদেশ। এছাড়া বৃহত্তর লজিস্টিকস খাতে বিনিয়োগ বাড়ানোর সুযোগ তৈরি হবে।
তিনি আরও বলেন, ডিজিটাল লজিস্টিকস ব্যবস্থার উন্নয়নেও সহযোগিতার সুযোগ রয়েছে। এর মাধ্যমে বাণিজ্য প্রক্রিয়া সহজ করা, স্বচ্ছতা বাড়ানো এবং পণ্য পরিবহনকে আরও সহজ করা সম্ভব।
প্রসঙ্গত, ডিপি ওয়ার্ল্ডের হাতে এনসিটি তুলে দেয়ার সব আয়োজন করে গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনা। হাসিনা পালিয়ে যাওয়ার পর অন্তর্বতীকালীন সরকার উদ্যোগ নিলে বিএনপির বাঁধা দেয়। বিএনপির সরকার গঠনের আট মাসের মাথায় চুক্তি স্বাক্ষর হলো। তবে, এ নিয়ে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন কর্মসূচি পালন করছে বন্দর সম্পৃক্ত বিভিন্ন সংগঠন।
