চট্টগ্রামে কলেজ শিক্ষক নির্যাতন, বিহারী বগার ২ সহযোগী গ্রেপ্তার
পাহাড়তলী কলেজে দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ায় এক শিক্ষককে পাশবিক নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন সালাহ উদ্দিন কাদের এবং মনির আহমদ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে তাদেরকে খুলশী থানা নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করে। ওসি খুলশী মো. আব্দুর রহিম তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৩০ আগস্ট পাহাড়তলী কলেজের শিক্ষক মো. মিজানুর রহমান চৌধুরীকে স্থানীয় সন্তাসী ওয়াকিল হোসেন বগা কলেজ থেকে তুলে নিয়ে নিজের টর্চার সেলে নির্যাতন করে। কিশোর গ্যাং লিডার বগার বিরুদ্ধে মাদক ও অস্ত্রবাজির মামলাও রয়েছে থানায়।
মামলায় দাবি করা হয়, কলেজের চলমান বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন মিজান চৌধুরী। সাক্ষাৎকার দেওয়ার জেরে তাঁর ওপর বর্বরোচিত নির্যাতন করা হয়। এ ঘটনায় খুলশী থানায় কলেজ অধ্যক্ষসহ মোট ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার প্রধান আসামি ওয়াকিল হোসেন বগাকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের গাড়ি বহরে হামলা করে গাড়ি আটকে রাখা হয়। এই ফাঁকে বগা বাসার গোপন সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যায়।
মামলার বগা এবং কলেজ অধ্যক্ষ ছাড়া অন্যান্য আসামিরা হলেন-ফয়সাল ওরফে মুরগী ফয়সাল, ইমন ও সাজিদ। তাদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত আছে বলেও জানায় পুলিশ।
