চট্টগ্রাম নগরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে এক নারীরের আয়োজনে ঈদের পোশাকের মেলা ঘিরে কাজীর দেউড়ি থেকে লালখান বাজার ইস্পাহানিমুখী সড়ক আংশিক বন্ধ করে দিয়েছে পুলিশ। এতে আগ্রাবাদমুখী শত শত যানবাহনকে ঘুরপথে ওয়াসা মোড় হয়ে যেতে হচ্ছে। মেলার আয়োজক মাঞ্জুমা মোরশেদের বিশেষ সুবিধা দিতে সিএমপির শীর্ষ এক কর্মকর্তার অভিপ্রায়ে পুলিশ এমন গণবিরোধী উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (৭ মার্চ) বিকেল থেকে এভাবে হঠাৎ সড়ক বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী ও চালকদের মধ্যে বাক্‌বিতণ্ডার ঘটনাও ঘটছে। এর আগে শুক্রবার রাতেই একই কাজ করেছিল পুলিশ।

নগরীর রেডিসন হোটেলে ‘গ্র্যান্ড ঈদ এক্সিবিশন’ নামে তিন দিনব্যাপী একটি কাপড়ের মেলা আয়োজন করেছে এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশনস নামের একটি প্রতিষ্ঠান। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ মেলাকে ঘিরেই সড়কটিতে যান চলাচল আংশিক সীমিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সড়ক বন্ধ রাখার বিষয়ে জানতে চাইলে কাজীর দেউড়ি এলাকার দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক বিপুল বলেন, রেডিসনে মহিলাদের কাপড়চোপড়ের একটি বড় মেলা চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সড়কটির আংশিক ব্লক রাখা হয়েছে।

সড়ক আংশিক বন্ধ থাকায় আগ্রাবাদমুখী শত শত যানবাহনকে ওয়াসা মোড় হয়ে ঘুরে যেতে হচ্ছে। এতে যাত্রীদের সঙ্গে অনেক ক্ষেত্রে গাড়িচালকদের বাক্‌বিতণ্ডা দেখা দিচ্ছে। ভোগান্তিতে সবচেয়ে বেশি পড়েছেন রিকশার যাত্রীরা। অতিরিক্ত পথ ঘুরে যেতে হওয়ায় অনেক রিকশাচালক বাড়তি ভাড়া দাবি করছেন। ফলে অনেক যাত্রী মাঝপথে নেমে পায়ে হেঁটে গন্তব্যে যাওয়ার পথ বেছে নিচ্ছেন।

আরও খবর