শপিংব্যাগ সুপারশপে অস্বাস্থ্যকর পরিবেশে মেজবান তৈরি, রান্নার তেলে ময়লা এবং আমদানি করা খাদ্যপণ্যে যথাযথ লেবেল না থাকার প্রমাণ পাওয়া গেছে। খাদ্যপণ্যের সঙ্গে রাখা হয়েছিল ইঁদুর মারার ওষুধ। সংরক্ষণ করা হচ্ছিল পচা মরিচও।
এছাড়াও ছোঁয়াচে রোগে আক্রান্ত কর্মীকে দিয়ে প্রস্তুত করা হচ্ছিল মসলা ।

এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

শনিবার (৭ নভেম্বর) চট্টগ্রাম মহানগরের বিভিন্ন প্রতিষ্ঠানে সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করেন নিরাপদ খাদ্য আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা।

অপর দিকে চট্টগ্রামের পরিচিত খাদ্যপ্রতিষ্ঠান ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডে উৎপাদনে ব্যবহার করা হচ্ছিল লেবেল ও মেয়াদবিহীন বাটার। চানাচুর ও মটরভাজা তৈরি হচ্ছিল পোড়া তেলে। ডালডায় পলিথিন ও ময়লা, খামি ও টোস্ট পাউডারে মাছি, সংরক্ষণস্থলে তেলাপোকার বিচরণ। কারখানার মেঝে, কেক-রুটি তৈরির ডাইস ও খামিও ছিল অপরিষ্কার। এসব অনিয়মে প্রতিষ্ঠানটিকে ৬ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

একই দিন কাহওয়া ক্যাফেতে কেকের ওপর মুরগির নখ, ময়লাযুক্ত ও মেয়াদোত্তীর্ণ খামি, খোলা ডাস্টবিন, মেয়াদোত্তীর্ণ বাকলাবাশির পাতি এবং পচা বিটরুট পাওয়া যায়। পাশাপাশি ম্যাঙ্গো ফ্লেভার ড্রিংকসকে কারসাজি করে ম্যাঙ্গো ড্রিংকস হিসেবে বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আরও খবর