পাকিস্তানে সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা
পাকিস্তানের টেলিভিশন সংবাদ উপস্থাপিকা রাবিয়া আহসানের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় করা হত্যা মামলা তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ওই সাংবাদিকের স্বামীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রাওয়ালপিন্ডির সিটি পুলিশ কর্মকর্তা হাসান মুশতাক সোখেরা।
রোববার (৮ নভেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা রোডের নিজ বাসায় গুলিবিদ্ধ অবস্থায় শয়নকক্ষ থেকে রাবিয়ার নিথর দেহ উদ্ধার করা হয়। তার গলায় নিচের দিকে গুলির ক্ষত ছিল।
রাবিয়া পাকিস্তানের বেসরকারি উর্দুভাষী সংবাদমাধ্যম ৯২ নিউজের সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করতেন। তার মৃত্যুর ঘটনায় পুলিশ স্বামী আহসানকে আটক করেছে। ঘটনার সময় বাসার ওই কক্ষ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ কর্মকর্তা সোখেরা ঘটনাস্থলে যান। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের দায়িত্বে থাকা কর্মকর্তা এবং তদন্ত বিভাগের প্রধানসহ জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।
এদিকে, অপরাধ তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন ফরেনসিক দলের সদস্যরা। তবে রাবিয়ার মৃত্যুর পেছনে কী কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ। তার স্বামীর বিরুদ্ধে অভিযোগের বিষয়টিও তদন্তাধীন।
