চট্টগ্রাম—২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১ হাজার ১৫৪ জন
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে পুলিশের চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৮০ জন, পূর্ববর্তী মামলায় ৬৬, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৬১, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা ও অনান্য আইনে ৪৮ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪৮, পরোয়ানামূলে ১৮৫, মাদক মামলায় ৭৬ জন। অভিযানে ৩৮ হাজার ১৩৭ পিস ইয়াবা, ৯ বোতল বিদেশি মদ ও ২৭ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
রেঞ্জ কার্যালয় থেকে আরো জানানো হয়, অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১২৯ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫৯৮ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩৯৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে এবং ২০৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছে।
