চট্টগ্রামে স্ট্রোকে ছাত্রদল কর্মীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২
চট্টগ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশে যাওয়ার পথে ছাত্রদলের মিছিলের ভিডিও করতে গিয়ে মাথা ঘুরে পড়ে মারা যান সাইদুল ইসলাম চিশতি নামের এক ছাত্রদল কর্মী।
রবিবার (২৫ জানুয়ারি) সকালে মিছিলটি পলোগ্রাউন্ড মাঠের সমাবেশে যাচ্ছিলো। সমাবেশে ভিড়ের মধ্যে রিপন নামের এক বিএনপি কর্মীসহ অসুস্থ হয়ে দুইজন ভর্তি আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
জানা গেছে, ছাত্রদলের একটি মিছিলে ভিডিও করতে গিয়ে চিশতি মাথা ঘুরে পড়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা স্ট্রোক করেছে বলে জানিয়ে মৃত ঘোষণা করেন।
ছাত্রদল মানিক জানান, সাইদুল ইসলাম চিশতি দল পাগল ছেলে। তার পিতাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। মিছল বের হলেই সাইদুল ভিডিও করতো। তার বয়স ১৪ বছর। তাকে আমরা মিছিলে যেতে নিষেধ করেছিলাম। কিন্তু দলের প্রতি ভালোবাসা থেকে সে মিছিলে যায়।
কোতোয়ালী থানা ছাত্রদলের নেতারা জানান, স্টেডিয়ামের পশ্চিম দক্ষিণ কোণ থেকে সিআরবির দিকে আমাদের মিছিল যাচ্ছিলো। সাইদুল সামনে গিয়ে আমাদের ভিডিও করে। ভিডিও করতে করতে সে মাথা ঘুরে পড়ে যায়। তারপর আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাইদুল ইসলাম চিশতি নগরীর কোতোয়ালী থানাধীন গোয়ালপাড়ার বাসিন্দা নজরুল ইসলাম বাবুর ছেলে।
এছাড়া তারেক রহমানের সমাবেশে অসুস্থ হয়ে রিপন নামের এক কর্মীসহ দুইজন ভর্তি হয়েছে।
