৮ সহযোগী নিয়ে জাহাঙ্গীর বাহিনীর প্রধান অস্ত্রসহ গ্রেপ্তার
কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া চর সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ‘জাহাঙ্গীর বাহিনীর’ প্রধান জাহাঙ্গীর (২৮) ও তার ৮ সহযোগীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে ডাকাতদের জিম্মিদশা থেকে ৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে মহেশখালী থানাধীন সোনাদিয়া চর সংলগ্ন এলাকায় ‘এফ বি মায়ের দোয়া-৩’ নামের একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে।
বিষয়টি জরুরি সেবা নম্বর ১৬১১১-এর মাধ্যমে কোস্ট গার্ডকে জানানো হয়।
সংবাদ পেয়ে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও মহেশখালীর সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে একটি সন্দেহভাজন ফিশিং বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ধাওয়া করে বোটটি আটক করে কোস্ট গার্ডের ওই দল।
তল্লাশি চালিয়ে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসময় জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ৪ সহযোগীকে আটক এবং জিম্মি থাকা বোটসহ ২ জেলেকে উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাতে কক্সবাজারের লাবণী পয়েন্ট এলাকায় আরো একটি বিশেষ অভিযান চালানো হয়। সেখান থেকে বাহিনীর আরো ৪ সদস্যকে আটক এবং জিম্মি থাকা আরো ২ জেলেকে উদ্ধার করা হয়।
