স্ত্রীকে কুপিয়ে পালালেন স্বামী
চট্টগ্রামের কর্ণফুলীতে ছানোয়ারা বেগম (৪২) নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আহত ছানোয়ারা উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাদরাসাপাড়া এলাকার মৃত ছগীর আহমেদের মেয়ে এবং বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) শ্রমিক।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মইজ্জ্যেরটেক আবাসিক এলাকার একটি নির্জন জঙ্গলে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নারীকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
জানা গেছে, অভিযুক্ত স্বামী হাবিবুর রহমানের (২৭) সঙ্গে দ্বিতীয় বিবাহ হয়। ছানোয়ারার আগের স্বামীর সংসারে দুই সন্তান রয়েছে। বর্তমান স্বামীর সঙ্গে গত ছয় মাস ধরে কোনো যোগাযোগ ছিল না। কিছুদিন আগে দ্বিতীয় স্বামী তাকে ভাড়া বাসা থেকে বের করে দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় আবাসিক এলাকার একটি নির্জন জঙ্গলে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্বামী হাবিবুর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা করেন বলে অভিযোগ ভুক্তভোগীর।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, পুলিশ গুরুতর আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করা গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে।’
