বিদেশে পলাতক চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অন্যতম সহযোগী মো. সাব্বির হোসেন সানিকে (৩৪) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। সানি পুলিশকে জানায়, বড় সাজ্জাদের কাছ থেকে সে মাসিক ৫০ হাজার টাকা বেতন পেত। কারাগারে থাকা ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বও তাকে দেওয়া হয়েছিল।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, শুক্রবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘ অনুসন্ধান, অবস্থান শনাক্তকরণ ও নিবিড় নজরদারির পর নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সানিকে আমরা গ্রেপ্তার করেছি।
এসপি মাসুদ আরও জানান, গ্রেপ্তার সানি বড় সাজ্জাদের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগী। সে আগে বিদেশে থাকত এবং বড় সাজ্জাদের নির্দেশনায় গত বছর বাংলাদেশে ফিরে চট্টগ্রামে আসে। তাকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি—বড় সাজ্জাদের কাছ থেকে সে মাসিক ৫০ হাজার টাকা বেতন পেত। কারাগারে থাকা ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বও তাকে দেওয়া হয়েছিল।
পুলিশ আরও জানায়, চাঁদা দাবির পর নির্ধারিত অর্থ দিতে অস্বীকৃতি জানালে কিংবা চাঁদার টাকা আদায়ে ব্যর্থ হলে সানির নির্দেশে স্থানীয় সহযোগীদের মাধ্যমে সংশ্লিষ্ট ভুক্তভোগীর বাসা অথবা ব্যবসা প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা চালাত।
গ্রেপ্তার সানি সাতক্ষীরার কালীগঞ্জ থানার সাতবসু এলাকার মো. মালেকের ছেলে। চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় বসবাস করতো। সানির বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ ও হাটহাজারী থানায় পৃথক দুটি মামলা চলমান রয়েছে।

আরও খবর