চট্টগ্রামের রাউজানে গুলি করে যুবদল কর্মী মোহাম্মদ মুজিব (৫০) হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি নাঈমকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে জোরারগঞ্জে কুপিয়ে কৃষক চৌধুরি মিয়া (৪০) হত্যা মামলার আসামি সাইদুল ইসলাম সাঈদীকে (৩৩) গ্রেপ্তার করেছে র‌্যাব-০৭।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জানান, বুধবার ইফতারের পরপর রাউজানে মোহাম্মদ মুজিবকে গুলি করে একদল সন্ত্রাসী পালিয়ে যায়। নাঈকে প্রধান আসামি করে মুজিবের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের হয়। আমরা চট্টগ্রাম নগরের বায়েজিদে অভিযান চালিয়ে নাঈমকে গ্রেপ্তার করেছি।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈম জানায়, হত্যাকাণ্ডের শিকার মুজিব মেয়ে ঘটিত একটি বিষয় নিয়ে নাঈমদের গাল-মন্দ করে, শাসায়। সেটির জেলে নাঈম তার সাঙ্গপাঙ্গ নিয়ে মুজিবকে গুলি করে হত্যা করে। আমরা বিষয়টি তদন্ত করছি এবং অন্যান্য আসামীদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছি।

র‌্যাব-০৭এর সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, বুবধবার সকালে জোরারগঞ্জ থানার ঠাকুরদিঘি বাজারের উত্তর পাশে ইটভাটা সংলগ্ন ফসলি জমি থেকে কৃষক চৌধুরি মিয়ার (৪০) লাশ উদ্ধার করা হয়েছিল। খুনিরা তার হাত পা বেঁধে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। থানায় তার পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের হলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। ওই হত্যা মামলার প্রধান আসামী মোঃ সাইদুল ইসলাম সাঈদীকে জেলার সীতাকুন্ড এলাকা থেকে আমরা গ্রেপ্তার করেছি।

আসামী মোঃ সাইদুল ইসলাম সাঈদী চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার পূর্ব দুর্গাপুরের ছালামত উল্লাহর ছেলে। তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর