বাহরাইনে নিহত প্রবাসীর মেয়ের হাতে বৃত্তির টাকা তুলে দিলেন সাঈদ আল নোমান
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বাহরাইনে নিহত প্রবাসী মহসিনের মেয়ের উচ্চশিক্ষা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে সাড়ে আট লক্ষ টাকার বৃত্তি প্রদান করলেন স্থানীয় সংসদ সদস্য সাঈদ আল নোমান।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করে সাঈদ আল নোমান বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে বাহরাইনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে নিহত প্রবাসী আবুল মহসিনের পরিবারের পাশে আছে আমাদের জাতিয়তাবাদি দল বিএনপি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে আমার ব্যক্তিগত তহবিল থেকে সাড়ে আট লক্ষ টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহত রেমিটেন্স যোদ্ধা মহসিনের একমাত্র কন্যা তাসনিম তামান্নার ভবিষ্যৎ শিক্ষা নিশ্চিত করতে ইতোমধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পড়াশোনার জন্য নগদ ৫০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়েছে। এছাড়া উচ্চ শিক্ষা নিশ্চিত করার জন্য অফার লেটারের মাধ্যমে অবশিষ্ট আট লক্ষ টাকা প্রদানের ব্যবস্থা করা হয়।
মানবিক দায়বদ্ধতা থেকে তিনি মহসিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জানিতে সাঈদ আল নোমান বলেন, “মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা নিহত আবুল মহসিনের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তার একমাত্র কন্যা তাসনিম তামান্নার ভবিষ্যৎ যেন থেমে না যায়-সেই লক্ষ্যেই এই শিক্ষা বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আমি তার সম্পূর্ণ শিক্ষার দায়িত্ব গ্রহণ করেছি। আমি বিশ্বাস করি, শিক্ষা একজন মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। তাসনিম তামান্না যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে-এটাই আমাদের প্রত্যাশা।
এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য মোশারফ হোসেন ডিপ্টি, জাহাঙ্গীর আলম, শহীদ মোহাম্মদ চৌধুরী, মোহাম্মদ শরীফুল ইসলাম, মোঃ আফসার, মোঃ আলমগীর, ইবনুল হাসান, আলী হায়দার, আনোয়ার হোসেন আরজু, সাঈদুল সওদাগর, মোহাম্মদ শফিক প্রমুখ।
