পরিচয় লুকিয়ে চুয়েটে প্রবেশ, তালা ভেঙ্গে ভিসির চেয়ারে ড. শরীফ
পরিচয় গোপন করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রবেশ করে প্রশাসনিক ভবনের তালা ভেঙে উপাচার্যের চেয়ারে বসলেন অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে প্রশাসনিক ভবন-২-এর তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তিনি। এসময় নানান কেলেঙ্কারিতে জড়িয়ে শিক্ষাজীবন শেষ করতে না পারা একাধিক সাবেক শিক্ষার্থী তাঁর সঙ্গে ছিলেন।
এর আগে ড. আরাফাতকে দুদিনের জন্য ( ১১ ও ১২ অক্টোবর) ভিসির রুটিন দায়িত্ব দিয়ে ঢাকায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নেওয়া ঘোষান দিয়েছিলেন ড. শরীফ। এ জন্য ১০ অক্টোবর বিকেলে তাঁর ঢাকায় যাওয়ার কথা জানানো হয়েছিল।
এরপর খবর পেয়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের বিদ্যুৎ, পানি সংযোগ বিচ্ছিন্ন করে বিক্ষোভ প্রদর্শন করেন। ছাত্রদলের ব্যানারে কয়েকজন শিক্ষার্থী ফুল দিতে গেলে তাদের তাড়িয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, দায়িত্ব গ্রহণের মাত্র ৫৬ দিনের মাথায় গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদ থেকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ওই রাতেই প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। পাশাপাশি সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে।
