জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। তিনি বলেন, বর্তমানে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে কিছুটা সমস্যা রয়েছে। বিগত সময়ে গ্যাস-বিদ্যুৎ খাতে অনিয়ম ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং মানুষের জীবনে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। এ জন্য তিনি জনগণকে কিছুটা সময় দেওয়ার আহ্বান জানান।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু সুফিয়ান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করা এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা সবার দায়িত্ব। একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশা নির্বিশেষে সবার জন্য নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

তিনি আরও বলেন, শুধু রাস্তাঘাট ও সেতু নির্মাণই উন্নয়ন নয়; মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন। সবাই যেন চিকিৎসা, শিক্ষা, খাদ্য, বস্ত্র ও বাসস্থানের সুযোগ পেয়ে শান্তিতে বসবাস করতে পারে, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন ও আহমেদুল আলম চৌধুরী রাসেল।

প্রশান্ত কুমার পান্ডের সভাপতিত্বে এবং মিঠুন দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলাউদ্দিন আলী নুর, আবুল বশর, হোসেন গ্রুপের স্বত্বাধিকারী এস এম আহামদ হোসেন, ইউসুফ সিকদার, ওসমান গনি, কলিম উদ্দিন, আলী আজগর, মো. আনিস, মাইনুদ্দিন খান রাজীব, বিপ্লব চৌধুরী, শাহনেওয়াজ তুষান ও বাবলু চৌধুরী।

আরও খবর