দেশের প্রথম সারির গণমাধ্যম নিউজটুয়েন্টিফোরের সাবেক সিনিয়র ভিডিও জার্নালিস্ট ও চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) সাবেক সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বাবুর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর নগরীর ব্যাটারি গলি মোড় সংলগ্ন বায়তুল আজিজ জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে নগরের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে শামসুল ইসলাম বাবু স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন টেলিভিশন চ্যানেল নিউজ২৪ এর সিনিয়র ভিডিও জার্নালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে তিনি চ্যানেল আই’য়ে কর্মরত ছিলেন। কর্মজীবনে দীর্ঘসময় ধরে ক্যামেরা কাঁধে নিয়ে সংবাদ সংগ্রহে মাঠে ছিলেন তিনি।

জানাজায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নাছির উদ্দিন, সাংবাদিক ম. শামসুল ইসলাম, চ্যানেল ২৪ এর আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজ, ফটো সাংবাদিক মোস্তাফিজুর রহমান, একাত্তর টেলিভিশনের ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, এখন টেলিভিশনের ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ, এনটিভির সিনিয়র করসপনডেন্ট আরিচ আহমেদ শাহ, নিউজ২৪ এর সিনিয়র রিপোর্টার নয়ন বড়ুয়া জয়সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।

জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান সহকর্মী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।###

আরও খবর