ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১৫ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী আছেন মাত্র চার জন। অথচ চট্টগ্রামে মোট ভোটারের ৪৭ শতাংশের বেশি নারী। এ চার নারী লড়ছেন পৃথক তিনটি আসন থেকে।

জানা গেছে, চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসনে মোট ভোটার ৬৬ লাখ ৮৪ হাজার ৬৩০ জন। এর মধ্যে পুরুষ ৩৪ লাখ ৮৪ হাজার ৮৩৯ জন এবং নারী ভোটার ৩১ লাখ ৯৯ হাজার ৭২২ জন। নারী ভোটার মোট ভোটারের প্রায় ৪৭.৯ শতাংশ।

এবার নির্বাচনে চট্টগ্রামে ২৫টি রাজনৈতিক দল তাদের প্রার্থী দিয়েছে। এর মধ্যে মাত্র দুটি দল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছেন তিন নারী। বাকি একজন লড়ছেন স্বতন্ত্র হিসেবে। বিএনপি, জামায়াত, এনসিপিসহ অন্য রাজনৈতিক দলগুলো কোনও নারী প্রার্থী দেয়নি চট্টগ্রামে।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, এবার নির্বাচনে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-খুলশী-হালিশহর) আসনে দুজন নারী প্রার্থী রয়েছেন। তারা হলেন– বাসদের (মার্ক্সবাদী) আসমা আক্তার ও ইনসানিয়াত বিপ্লবের সাবিনা খাতুন। চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে নির্বাচন করছেন বাসদের (মার্ক্সবাদী) দীপা মজুমদার। একমাত্র স্বতন্ত্র নারী প্রার্থী জিন্নাত আকতার চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নির্বাচন করছেন। অবশ্য চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপি নেত্রী শাকিলা ফারজানা মনোনয়নপত্র জমা দিলেও তা বাতিল হয়।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা একমাত্র স্বতন্ত্র নারী প্রার্থী জিন্নাত আকতার বলেন, ‘আমি পিছিয়ে পড়া নারী সমাজকে সামনে এগিয়ে নিতে চাইছি। জনগণকে সঙ্গে নিয়ে ফটিকছড়িতে ব্যাপক উন্নয়ন করতে চাই। আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে নেই। সবাইকে নিয়ে একটি উন্নত, সমৃদ্ধ শক্তিশালী ফটিকছড়ি গড়ার স্বপ্ন দেখি। সবার সহযোগিতা পেলে সেটা পূরণ করা কঠিন হবে না।’

চট্টগ্রাম-১০ আসনের ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী সাবিনা খাতুন বলেন, ‘প্রচারণার শুরু থেকে আমি গণসংযোগ করেছি। আমি মানুষের কাছ থেকে যথেষ্ট সাড়া পেয়েছি। একটি মানবিক বাংলাদেশের প্রত্যাশা নিয়ে আমি কাজ করছি।’

আরও খবর