চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের অভিযানে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মো. রুহুল আমিন (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রুহুল আমিন পাবনা জেলার আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার মৃত সোহরাব আলীর ছেলে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মালবাহী ট্রাক জব্দ করা হয়।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে বিষয়টি জানান ডিসি ডিবি (দক্ষিণ) শেখ শরিফুল ইসলাম। তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে ডাবলমুরিং থানাধীন মনসুরাবাদ পুলিশ লাইন্সের বিপরীতে ডিটি রোডে অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়।

সংবাদ সম্মেলনের ডিসি শরিফুল বলেন, কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে একটি ট্রাক কোতোয়ালী হয়ে সাগরিকার দিকে যাচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আমাদের স্পেশাল টিম-০১ মনসুরাবাদ এলাকায় চেকপোস্ট বসায়। রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে সন্দেহভাজন ট্রাকটি (যশোর ট-১১-২৫৬৩) সেখানে পৌঁছালে আভিযানিক দল সেটির গতিরোধ করে।

পরবর্তীতে ট্রাকের চালক রুহুল আমিনকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করে যে, ট্রাকের পাটাতনের নিচে বিশেষভাবে তৈরি একটি চেম্বারে ইয়াবা লুকানো রয়েছে। পরে তার দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে ওই চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, এটি সিএমপি সাম্প্রতিক অভিযানে জব্দ করা ইয়াবার অন্যতম বড় চালান। বর্তমান কমিশনার হাসান মো. শওকত আলী ডিসি ডিবি থাকাকালে সাড়ে ১৩ লাখ ইয়াবা জব্দ হয়েছিল। যা সিএমপির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ইয়াবা ছিল।

আরও খবর