চট্টগ্রামে এসএমজি-পিস্তল উদ্ধার, তিন সন্ত্রাসী আটক
চট্টগ্রাম নগর পুলিশ ইমন, মনির ও সায়েম তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। তাদের তথ্যে উদ্ধারে করেছে একটি এসএমজি ও দুটি পিস্তল। পিস্তলগুলো থানা থেকে লুট হওয়া অস্ত্র বলে দাবী পুলিশের।
মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টায় সিএমপির দামপাড়াস্থ মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী। এসময় সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত কমিশনার ফয়সাল মাহমুদ, উপকমিশনার হোসাইন কবির, আমিরুল ইসলাম, বদিউজ্জামানসহ সিএমপির উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সিএমপির অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী বলেন, পুলিশ প্রথমে আবদুল কাউয়ুম চৌধুরী ইমন নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। ইমন বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর ঘনিষ্টজন হিসেবে পরিচিত। ইমন আলোচিত এইট মার্ডারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। ইমনকে জিজ্ঞাসাবাদে চকবাজার থানা পুলিশ ৯ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে। সেটি সিএমপির পাহাড়তলী থানা থেকে লুণ্ঠিত অস্ত্র।
তিনি আরও জানান, ইমনের দেয়া তথ্যে পুলিশ মনিরকে গ্রেপ্তার করে আরেকটি পিস্তলসহ। সেই পিস্তল ডবলমুলিং থানা থেকে লুট হয়েছিল। মনিরের দেয়া তথ্যে সায়েম নামে আরেক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। সায়েম সন্ধান দেয় এসএমজির। যে এসএমজি থেকে গত ২ মার্চ সকালে সাবেক এমপি ও শিল্পপতি মুজিবুর রহমান সিআইপির বাসা লক্ষ্য করে ব্রাশফায়ার করেছিল সন্ত্রাসীরা।
পুলিশ জানায়, তাদেরকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ডে এসব অস্ত্রের উৎসসহ বিভিন্ন রহস্য উদঘাটিত হবে।
