কক্সবাজারে নতুন উপজেলা, পৌরসভা গঠন প্রক্রিয়া শুরু
কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলায় নতুন করে একটি উপজেলা, একটি পৌরসভা ও তিনটি ইউনিয়ন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের আধা সরকারি পত্র (ডিও লেটার) প্রেরণের পর এমন প্রক্রিয়া শুরু করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন, কক্সবাজার জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শামীম আল ইমরান। তিনি বলেন, রবিবার স্বরাষ্ট্রমন্ত্রীর আধা সরকারি পত্র (ডিও লেটার) হাতে পাওয়ার পর এর প্রক্রিয়া শুরু হয়েছে।
জানা গেছে, চকরিয়া থেকে আলাদা করে মাতামুহুরী উপজেলা, পেকুয়া সদর ইউনিয়নকে পৌরসভা, উত্তর হারবাং, পঁহরচাদা ও মালুমঘাট ইউনিয়ন গঠন করার জন্যই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আধা সরকারি পত্র (ডিও লেটার) প্রেরণ করেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নির্বাচনে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন।
মাতামুহুরী নদীর তীরে অবস্থিত কক্সবাজার জেলার সবচেয়ে বড় উপজেলা চকরিয়া। ১৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলাটি ১৯৯৩ সালে থানা এবং ১৯৮৩ সালে উপজেলায় রূপান্তর করা হয়। আদমশুমারির তথ্য অনুযায়ী, জনসংখ্যা ৫ লাখ ৭১ হাজার ২৭৪ জন।
অপরদিকে ২০০২ সালের ২৩ এপ্রিল চকরিয়া থেকে ৭টি ইউনিয়ন আলাদা করে পেকুয়া উপজেলা গঠিত হয়েছিল। বতমানে পেকুয়ার জনসংখ্যা ২ লাখ ১৪ হাজার ৩৫৭ জন।
স্থানীয়রা জানায়, এই দুই উপজেলার জনগোষ্ঠির সেবা দিতে হিমশিম খেতে হয় সরকারি দপ্তরগুলোর। অপরদিকে বৃহৎ উপজেলা হওয়া কারণে সাধারণ মানুষকে নানান ভোগান্তিতে পড়তে হয়। এই পরিস্থিতিতে চকরিয়াকে ভেঙে ‘মাতামুহুরী’ নামে আলাদা উপজেলা গঠনের দাবি তুলে উঠেছিল বহুদিন ধরে। অপরদিকে পেকুয়া সদর ইউনিয়নকে পৌরসভায় গঠনের খবর নতুন করে শোনা গেল।
