ওসি রহিম সিটিএসবিতে, দুই থানায় ওসি পদে রদবদল
চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) খুলশী থানার ওসি আব্দুর রহিমকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। একই আদেশে দুই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল করা হয়।
আদেশে জানানো হয়, জনস্বার্থে জারিকৃত এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হবে।
আদেশে চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজের হোসেনকে আকবরশাহ থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। আকবরশাহ থানার ওসি মো. কামরুজ্জামানকে স্থানান্তরিত করে খুলশী থানার নতুন ওসি করা হয়েছে।
খুলশী থানার ওসি মো. আবদুর রহিমকে নগর গোয়েন্দা শাখা বা সিটিএসবিতে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, দায়িত্ব নেওয়ার মাত্র ১ মাস ১০ দিনে খুলশী থানার ওসি মো. আবদুর রহিম থানা এলাকার কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছেন।
সর্বশেষ ৬ অক্টোবর রাতে কিশোর গ্যাং লিডার ওয়াকিল হোসেন বগা চট্টগ্রাম সিটি করপোরেশন ভবনে অবস্থান করছেন তথ্যে পুলিশ চসিক ভবনের চারপাশে অবস্থান নেয়। আর সেদিন ওসি রহিম ছিলেন ছুটিতে। কিন্তু খুলশী থানার পুলিশ অভিযানে যাওয়াকে কেন্দ্র করে বিএনপির নেতাদের চাপে তাকে সরানো হয়েছে বলে অনেকের দাবী।
