এসপি জাহাঙ্গীরের দুটি মোবাইল জব্দ করলেন ডিআইজি
চট্টগ্রামে রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও অফিসিয়াল মোবাইল জব্দ করেছেন রেঞ্জ ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী। মোবাইল জব্দ করে তাকে নজরদারিতে রাখা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন রেঞ্জ ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধরী। তিনে বলেন, ‘আরআরএফএ কর্মরত এসপি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে। তদন্তের স্বার্থে গতকাল তার দুইটা মোবাইল আমরা জব্দ করে বিষয়টি তদন্ত করছি।’
এসপি জাহাঙ্গীরকে গ্রেপ্তারের গুঞ্জন শোনা যাচ্ছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জিআইজি কুদ্দস বলেন, তাকে গ্রেপ্তার করা হয়নি।
মোহাম্মদ জাহাঙ্গীর আলম চট্টগ্রামে আরআরএফ’র ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত আছেন। জুলাই অভ্যুত্থানের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
খবর নিয়ে জানা গেছে, জাহাঙ্গীর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে পুলিশের অভিযোগ উঠেছে। সেটি তদন্ত করতেই তার মুঠোফোনগুলো জব্দ করে তাকে নজরদারিতে রাখা হয়েছে। এছাড়াও ১০ নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে পুলিশ কর্মকর্তাদের গতিবিধিও পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে।
