চট্টগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৬
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে ঘটনার জন্য একে অপরকে দুষছেন দুই দলের নেতারা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়উঠান ফাজিল খাঁর হাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিএনপির দাবি,সংঘর্ষে উপজেলা যুবদলের সদস্য শাহেদুল আলম টিটু, বড়উঠান ইউনিয়ন কৃষকদলের সদস্য মঞ্জুর আলম,ছাত্রদল নেতা মো. ইমনসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।
অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের নেতা আলমগীর, এনাম ও মামুনসহ ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুর আলম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
