এক প্রার্থীর অনুকূলে অত্যধিক ডামি এজেন্ট নিয়ে আমরা শঙ্কিত—অধ্যক্ষ হেলালী
চট্টগ্রাম—১০ আসনের সংসদ সদস্য প্রার্থী, নগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করাই এই মুহূর্তে জাতির প্রধান দাবি। কিন্তু নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করার জন্য কোনো কোনো মহল এক প্রার্থীর অনুকূলে অতিরিক্ত ডামি এজেন্ট নিয়োগের মাধ্যমে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডে আমরা গভীরভাবে শঙ্কিত।
তিনি দৃঢ় কণ্ঠে বলেন, ভোটাধিকার প্রয়োগে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনগণের সাংবিধানিক অধিকার রক্ষায় জামায়াতের নেতা–কর্মীরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। অবাধ ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অধ্যক্ষ হেলালী। নগর জামায়াতের আমীর ও বিশিষ্ট পরিবেশবিদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে চট্টগ্রাম—১০ আসনের প্রার্থীর নির্বাচনী ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
ইশতেহার ঘোষণাকালে অধ্যক্ষ হেলালী বলেন, নির্বাচিত হলে তিনি চট্টগ্রাম—১০ আসনকে একটি আধুনিক, বাসযোগ্য ও নাগরিকবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। কর্মসংস্থান সৃষ্টি, যুব সমাজের উন্নয়ন, মাদক ও কিশোর অপরাধ নির্মূল, দুর্নীতিমুক্ত প্রশাসন, নিরাপদ সড়ক ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ নানা বাস্তবমুখী পরিকল্পনা তিনি তুলে ধরেন। পাশাপাশি দূষণমুক্ত নগর জীবন গড়ে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন।
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ-দলমত নির্বিশেষে সবার জন্য ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করাই তার রাজনীতির মূল লক্ষ্য। জনগণের কল্যাণে স্বচ্ছ ও জবাবদিহিমূলক জনপ্রতিনিধি হিসেবে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, জামায়াতের মজলিসে শুরার সদস্যবৃন্দ, হালিশহর থানা জামায়াতের আমীর ফখরে জাহান সিরাজী, ডবলমুরিং থানা আমীর ফারুকের আজম, পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী, পাহাড়তলী থানা আমীর নুরুল আলম, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহফুজুল আলমসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ। এছাড়া ১০ দলীয় জোটের স্থানীয় নেতারাও অনুষ্ঠানে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।
গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে অধ্যক্ষ হেলালী বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব। তিনি সকলকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
