চট্টগ্রামের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। তিনি বলেন, রাজনৈতিক, সামাজিক ও পেশাগত জীবনে মানুষের সেবাকে অগ্রাধিকার দিয়েছেন ডা. শাহাদাত হোসেন। চসিকের দায়িত্ব নেওয়ার পর তাঁর বিভিন্ন উদ্যোগেও সেই অগ্রাধিকার প্রতিফলিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দুই বছরের অগ্রযাত্রা উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মীর হেলাল বলেন, চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেইফ ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যের সঙ্গে ‘মানবিক চট্টগ্রাম’ গড়ার কথাও যুক্ত করা যায়। নগরীর বাসিন্দাদের পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে মানুষ সমস্যা নিয়ে ডা. শাহাদাত হোসেনের কাছে আসেন। তিনি তাঁদের কথা শোনেন এবং সাধ্য অনুযায়ী সহযোগিতা করেন। প্রতিমন্ত্রীর মতে, মানুষের পাশে দাঁড়ানোর এই মানসিকতার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনকল্যাণমুখী চিন্তার মিল রয়েছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনে কাজ করার সময় থেকেই ডা. শাহাদাত হোসেন সেই চিন্তাকে ধারণ করে আসছেন বলে উল্লেখ করেন তিনি।

চট্টগ্রামের জন্য কাজ করে যাওয়ায় ডা. শাহাদাত হোসেনকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে মীর হেলাল বলেন, দীর্ঘদিনের সহকর্মী হিসেবে তিনি তাঁর জনসেবার প্রচেষ্টা দেখেছেন। চট্টগ্রামের মানুষ এই কাজের মূল্যায়ন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সভাপতির বক্তব্যে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের উন্নয়নকে সবার অভিন্ন লক্ষ্য হিসেবে নিতে হবে। দায়িত্ব গ্রহণের শুরু থেকেই একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও স্মার্ট নগর গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। সেই লক্ষ্য পূরণে নগরের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয় এবং নগরবাসীর সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

চসিকের আর্থিক অবস্থার বিষয়ে প্রশাসক বলেন, দায়িত্ব নেওয়ার সময় সংস্থার দেনা ছিল প্রায় ৫৯৬ কোটি টাকা। দুই বছরে তা কমে প্রায় ৩২৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। বর্তমানে চসিকের ব্যাংকে প্রায় ২০০ কোটি টাকা জমা রয়েছে বলে জানান তিনি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে প্রত্যাশিত পাওনা আদায় হলে অবশিষ্ট দেনা পরিশোধ করার পরও চসিকের ব্যাংকে অর্থ থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় পৌরকর আদায়ে চসিক আগের রেকর্ড ছাড়িয়েছে বলেও উল্লেখ করেন প্রশাসক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন। চসিকের দুই বছরের কার্যক্রম নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অতিথিরা ‘উন্নয়নের অগ্রযাত্রায় চট্টগ্রাম’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম ও আবুল হাসেম বক্কর, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, পরিচালক (স্থানীয় সরকার) মনোয়ারা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বী, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান, প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, বিএমএ’র সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশীদ জামিল চৌধুরী প্রমুখ।

আরও খবর