নিখোঁজের ছয় দিন পেরিয়ে গেলেও স্কুলছাত্র মো. আনিসুর রহমান (১৩) ও মোহাম্মদ আবু রায়হানের (১৩)সন্ধান মেলেনি। পরিবারের অভিযোগ, পুলিশ প্রত্যাশিত আন্তরিকতা নিয়ে কাজ করছে না।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তোতকখালী এলাকার বাসিন্দা আবদুর রহিমের ছেলে আনিসুর রহমান ও আবদুর রশিদের ছেলে আবু রায়হান। তারা দুজনই পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানায়, গত ৩০ অক্টোবর বিকেল থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। একই এলাকার মোস্তাক আহমদের ছেলে মোহাম্মদ রিয়াদের সঙ্গে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ তারা।

তাদের দাবি, চাকরির প্রলোভন দেখিয়ে তাদের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল। পরে পুকুরিয়ার চন্দ্রপুর গ্রামে অবস্থিত ঝিনুক পোল্ট্রি ফার্মে কর্মচারি হিসেবে কাজ করার কথা বলা হলেও সেখান থেকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে কোনো একটি চক্র তাদের অন্যত্র নিয়ে গেছে বলে ধারণা করছেন স্বজনেরা।

তাদের দাবি, শুক্র ও শনিবার তাদের পুকুরিয়া এলাকার চাঁদপুর বাজারে ঘোরাফেরা করতে দেখেছেন কয়েকজন আত্মীয়। পরে রবিবার সেখান থেকে চলে যায় তারা।

এর আগে নিখোঁজ আবু রায়হানের বাবা আবদুর রশিদ অভিযোগ করেন, ছেলেকে ফেরত দেওয়ার কথা বলে দুটি মুঠোফোন নম্বর থেকে কল করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার মধ্যে টাকা না দিলে ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল।

জেলা পুলিশ সুপার মাসুদ আলম কালের কণ্ঠকে বলেন, বাঁশখালীর দুই স্কুলছাত্র স্বেচ্ছায় কোথাও চলে গেছে। তাদের উদ্ধারে কাজ করছে পুলিশ।

আরও খবর