চট্টগ্রামের সন্ত্রাস কবলিত উপজেলা রাউজানে এক সন্ত্রাসীর আটটি বিদেশি পিস্তল প্রদর্শনের ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে টেবিলের ওপর সাজানো আটটি পিস্তল দেখা যায়।

পুলিশ বলছে এটি এক বছর আগের ভিডিও। বুলেট হৃদয় নামের ওই ব্যক্তি কারামুক্ত হয়ে এটি আবার অন্য আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।

ভিডিওতে নিজের চেহারা না দেখিয়ে নিজেকে তুফান পরিচয় দিয়ে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘খেলা দেইখ্যস হঁড়ে? প্রস্তুত থাকো। সময় থাকতে ভালো হয়ে যাও। নোয়াপাড়ায় চাঁদাবাজি বন্ধ কর। তোদের অবস্থা খুব খারপ করে ফেলবো। আমি তুফান। ট্যাঁয়া দিয়ারে তোরার মরণের টিকেট আইন্নিদে ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘মামুন চেয়ারম্যানের সমর্থক গোষ্ঠী’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওতে থাকা ব্যক্তিটি বুলেট হৃদয় নামে পরিচিত বলে দাবী পুলিশের।

এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার মাসুদ আলম বুধবার (৪ নভেম্বর) বলেন, এটি ২০২৫ সালের ভিডিও। বুলেট হৃদয়কে আমরা গ্রেপ্তার করেছিলাম। সম্প্রতি সে জামিনে মুক্ত হয়ে আবার আগের ভিডিওটি অন্য একটি আইডি থেকে প্রচার করছে।

আরও খবর