পুলিশের ওপর হামলা—সন্ত্রাসী বগাসহ ৪ জন রিমান্ডে
সিএমপির তালিকাভুক্ত শীর্ষ সস্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ওয়াকিল হোসেন প্রকাশ বিহারী সন্ত্রাসী বগা ও তার তিন সহযোগীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলামের আদালত শুনানি শেষে রিমান্ড আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, মামলার তদন্ত কর্মকর্তা মোট ১২ জনের ১০ দিনে করে রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে বগাসহ চার জনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকী আটজনের রিমান্ড নামঞ্জুর করেছেন। বগার সঙ্গে রিমান্ড মঞ্জুর হয়েছে তার ভাই রকি হোসেন পিচ্ছি, কালা হাসান ও মনির হোসেন ইমনের।
প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর রাতে বগার অনুসারী সেভেন স্টার ও ফাইভ স্টার নামের দুটি কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে হৃদয় নামের এক কিশোর গ্যাং সদস্য নিহত হয়। পুলিশ ওই মামলার আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে তাদের স্বীকারোক্তিতে বগার নাম আসে। পুলিশের আবেদন মঞ্জু করে হৃদয় হত্যার মাস্টার মাইণ্ড হিসেবে বগাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
এরপর গত ৬ অক্টোবর সন্ত্রাসী বগা ও তার ৩৬ অনুসারির বিরুদ্ধে প্লট দখল, অবৈধ চাঁদাবাজি, মারধর ও অপহরণের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় গত ১১ ফেব্রুয়ারি ও ২৫ এপ্রিলসহ বাদীর সাথে ঘটা পাঁচটি পৃথক ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। সেই মামলায় আদালত তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।
গত ৮ অক্টোবর বগা নগর ভবনে অবস্থান করছে তথ্যের ভিত্তিতে সিএমপির উপকমিশনার উত্তরের নেতৃত্বে পুলিশ অভিযানে গেলে মেয়র ডা. শাহাদাতের সঙ্গে বাকবিতন্ডার ঘটনা ঘটে। বিহারি সন্ত্রাসী বগা গত ১৭ অক্টোবর একটি চাঁদাবাজি মামলার জামিন আবেদন করে আত্মসমর্পন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।
তার বিরুদ্ধে ৫ আগস্টের আগে ১৮টি মামলা ছিল। এরপর পাহাড়তলী কলেজের শিক্ষক নির্যাতন, ডিসি পরিবহণ পুলের প্লটসহ ১২টি প্লট দখল, পুলিশের গাড়িতে হামলা, চাঁদাবাজির অপরাধে আরও ৫টি মামলা দায়ের হয়েছে। ১৭ অক্টোবর থেকে বগা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছে।
বগা নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন। তার ভাই রকি হোসেন পিচ্ছি নগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।
