চকবাজার জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা
চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় অবস্থিত খ্যাতনামা ‘জামান হোটেল এণ্ড রেস্টুরেন্ট’-এ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের দায়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে জামান হোটেলের রান্নাঘরে মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশ পরিলক্ষিত হয়। রান্নাঘরে সরাসরি তেলাপোকার অবাধ বিচরণ, খোলা ডাস্টবিন রাখা, এবং স্যাঁতসেঁতে ও ভাঙা ফ্লোর দেখতে পান আদালত। এছাড়া খাবারে মেলেনি মেয়াদ উল্লেখ; বিশেষ করে মেয়াদহীন পুডিং এবং নান রুটি তৈরির সরঞ্জামাদিতে ইঁদুরের মলমূত্র ও তেলাপোকার উপস্থিতি পাওয়া যায়।
একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে ডিম সংরক্ষণ, পানীয় পানের স্ট্র-এর ভেতরে ময়লা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অননুমোদিত রাসায়নিক (কেমিক্যাল) ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
এসব নানাবিধ অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানের মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন কার্যালয়ের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী এবং সিএমপির চকবাজার থানার একটি চৌকস দল সার্বিক সহায়তা প্রদান করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এবং ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
