জরায়ু কেটে ফেলছেন ভারতের আখ কাটা শ্রমিকরা
পুরো ভারতজুড়ে আনুমানিক ১৫ লাখ মানুষ আখ কাটার কাজ করেন। তারা প্রায়ই দিনে ১৪ ঘণ্টা পর্যন্ত হাড়ভাঙা খাটুনি খাটেন দৈনিক ৪০০ রুপির মতো মজুরির জন্য । সাধারণত স্বামী-স্ত্রী জুটি বেঁধে ভোর থেকে রাত পর্যন্ত টানা কাজ করেন তারা। কেবল ট্রাকে আখ তোলার সময়টুকুতেই তাদের যা একটু বিরতি মেলে।
ব্রিটিশ সংমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে যত আখ উৎপন্ন হয়, তার ১৬ শতাংশই আসে ভারত থেকে। উৎপাদনের দিক দিয়ে ব্রাজিলের পরেই ভারতের অবস্থান, অর্থাৎ বিশ্বে দ্বিতীয়। এই অঞ্চলের আখ নিয়মিত সরবরাহ করা হয় কোকা-কোলা ও পেপসিকোর মতো বিশ্বখ্যাত কোমল পানীয় তৈরির জায়ান্ট কোম্পানিগুলোতে।
অনেক নারীর কাছে এই শারীরিক পরিশ্রম তাদের সংগ্রামের একটি অংশ মাত্র। আরও উদ্বেগের বিষয় হলো, কাজ হারানোর ভয়ে নারীরা নিজেদের শরীর ও প্রজনন স্বাস্থ্য ঝুঁকিতে ফেলার মতো চরম চাপ সহ্য করছেন।
টয়লেট বা সুপেয় পানির সুবিধাহীন অস্থায়ী ক্যাম্পগুলোতে বাস করা নারী শ্রমিকদের এক অসম্ভব নির্মম বাস্তবতার মুখোমুখি হতে হয়। এসব পরিবেশে ঋতুস্রাব বা মাসিকের সময়টা সামলানো কেবল শারীরিক কষ্টের নয়, বরং আর্থিক দিক থেকেও এক বিরাট বিপর্যয় নিয়ে আসে। একদিন কাজ বন্ধ রাখলেই বড় অঙ্কের মজুরি কাটা যায়, তাই মাসিকের সময়টাতে ছুটি নেওয়ার কোনো সুযোগ তাদের নেই।
এই নারী শ্রমিকদের সামনে কেবল দুটি পথ খোলা থাকে। হয় শরীরের কথা ভেবে কাজে না গিয়ে বড় জরিমানা গোনা, না হয় শরীরের ক্ষতি করে কাজ চালিয়ে যাওয়া।
পূর্ণিমা নামের এক শ্রমিক বলেন, কেউ যদি আমাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারতো, তবে তা অনেক বড় সাহায্য হতো। সমাধান হিসেবে জরায়ু কেটে ফেলার (হিস্টেরেকটমি) কথা ভাবছেন তিনি। তিনি বলেন, আমার কষ্ট তো কমছে না। আমি যদি এই কাজ চালিয়ে যাই, কষ্ট কেবল বাড়তেই থাকবে। আমি যদি ভারী জিনিসপত্র তোলা বন্ধ করতে পারতাম, হয়তো পরিস্থিতি কিছুটা ভালো হতো। কিন্তু এই কাজ করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।
আখ কাটা মূলত একটি মৌসুমি কাজ, প্রতি বছর এই পরিযায়ী শ্রমিকদের একত্রিত করেন একজন ঠিকাদার। এই ঠিকাদাররা চিনি কলগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করেন, শ্রমিকদের যাতায়াতের ব্যবস্থা করেন এবং কাজের শুরুতেই তাদের কিছু অগ্রিম অর্থ (দাদন) প্রদান করেন। এই কাজ করা দম্পতিদের স্থানীয়ভাবে ‘কয়তা’ বলা হয়। অগ্রিম নেওয়া অর্থ পরিশোধ করতেই তাদেরকে কাজে নামতে হয় এবং প্রতিটি দম্পতির কাছ থেকে দিনে গড়ে অন্তত তিন টন পর্যন্ত আখ কাটার আশা করা হয়।
দলের সবার আয় একসঙ্গে ভাগ হওয়ায় কেউ কাজের গতি কমালেই বাকিদের ওপর চাপ পড়ে, তাই সবাইকে সমান তালে খেটে যেতে হয়। যদি কোনো একজন নারী অসুস্থতা বা অন্য কোনো কারণে কাজ করতে না পারেন, তবে বাকি দম্পতিরা তার ঘাটতি পূরণ করতে যে অতিরিক্ত পরিশ্রম করেন, তার জন্য ওই নারীর কাছে অর্থ দাবি করেন।
সবিতা নামের এক কর্মী ২০২৫ সালের মার্চে চরম কষ্টের মুখে পড়ে জরায়ু কেটে ফেলার সিদ্ধান্ত নেন। সেই স্মৃতিচারণ করে এই নারী বলেন, ক্ষেতে আপনাকে সাহায্য করার মতো কেউ নেই। আপনাকে বিন্দুমাত্র বিশ্রামের সুযোগ দেবে না কেউ। আমি খুব অসুস্থ ছিলাম, তাও কেউ আমাকে একটু সাহায্য করেনি। আমার পেটে প্রচণ্ড ব্যথা হতো, ট্রাকে আখ বোঝাই করার জন্য মই বেয়ে ওপরে উঠতে পারতাম না। গত বছর এই কাজ করতে গিয়ে আমি তিনবার পড়ে গিয়েছি, তবুও কোনো অভিযোগ করার সুযোগ ছিল না।
নারী অধিকার কর্মী সঙ্গীতা চৌহান ও রাজনীতিবীদ ড. নীলম গোরহে দীর্ঘদিন ধরে নারীদের কল্যাণ নিয়ে কাজ করছেন। ২০১৯ সালে প্রকাশিত ড. নীলমের একটি প্রতিবেদনে অপ্রয়োজনীয় জরায়ু কেটে ফেলার উচ্চ হারের বিষয়টি উঠে আসে। মূলত তার পরই বিষয়টি সবার নজরে আসে।
সঙ্গীতা জানান, স্বল্প খরচে চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্যসেবার জন্য সরকারি হাসপাতালে পাঠানোর বদলে অনেক নারীকে জোর করে বা চাপ দিয়ে বেসরকারি ক্লিনিকে পাঠানো হয়, যেখানে উপযুক্ত চিকিৎসাগত কারণ ছাড়াই এসব অস্ত্রোপচার করে দেওয়া হয়।
মূল প্রতিবেদন ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’
