চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

রবিবার (১১ অক্টোবর) এক শোকবার্তায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

নেতৃবৃন্দ বলেন, সুলতান আহমেদ আশরাফী দীর্ঘ সময় সাংবাদিকতা পেশায় ছিলেন। তিনি দৈনিক আজাদীতে সিনিয়র সহ-সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এই প্রবীণ সাংবাদিক চট্টগ্রামের সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলন ও কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সাংবাদিক নেতৃবৃন্দ তার পরিবারের সদস্যদের যেন শোক সহ্য করার ক্ষমতা দেন, সৃষ্টিকর্তার কাছে এ দোয়া কামনা করেন।

প্রবীণ এই সাংবাদিক কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১১ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে নগরীর পার্কভিউ হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে আটটায় নগরীর দেবপাহাড় জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। ওইদিন জোহরের নামাজের পর বাঁশখালীর সরল ইউনিয়নের বাইতুর রহমান জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আরও খবর