চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে চট্টগ্রাম। এই উদ্যোগের প্রতিবাদে চট্টগ্রাম নগরে মশাল মিছিল করেছে ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’সহ বিভিন্ন শ্রমিক সংগঠন।

​বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশ থেকে শ্রমিক নেতারা বলেন, এনসিটি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া অবিলম্বে বাতিল করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ৩টায় নগরীতে বিক্ষোভ মিছিল থেকে নতুন কর্মসূচি ঘোষণা করবেন আন্দোলনকারীরা।

শ্রমিক নেতারা বলেন, এনসিটি চট্টগ্রাম বন্দরের ‘হৃৎপিণ্ড’। দেশের সামগ্রিক অর্থনীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এই গুরুত্বপূর্ণ স্থাপনা কোনো বিদেশি অপারেটরের হাতে তুলে দিলে বন্দরের ও জাতীয় স্বার্থ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাঁরা এনসিটি সম্পূর্ণ দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনার জোর দাবি জানান।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক স্বনামধন্য পোর্ট অপারেটর ‘ডিপি ওয়ার্ল্ড’-এর কাছে এনসিটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে বৃহস্পতিবার বেলা ৩টায় রাজধানীর ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামে এই দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
​চুক্তি সইকে কেন্দ্র করে বন্দরনগরীর শ্রমিকদের মাঝে ব্যাপক অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন আন্দোলনকারী নেতারা।

আরও খবর