ভারতের নাগাল্যান্ডে বিষাক্ত বা ভেজাল মদপানে গত দুই দিনে অন্তত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর—ইন্ডিয়া টুডে।

মৃত্যুর ঘটনা তদন্ত এবং সন্দেহভাজন ভেজাল মদের উৎস ও সরবরাহ চক্র শনাক্ত করতে একটি বিশেষ তদন্ত কমিটি (এসআইটি) গঠন করা হয়েছে। ১৯৯০ সাল থেকে রাজ্যটিতে মদ নিষিদ্ধ আইন কার্যকর রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, সন্দেহভাজন অবৈধ মদ পান করে মোককচুং জেলায় আটজন এবং তুয়েনসাং জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে।

সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ ভেসুপ্রা কেজো শনিবার গণমাধ্যমকে জানান, অতিরিক্ত পুলিশ সুপার আই বুংলাং চ্যাংয়ের নেতৃত্বে এসআইটি গঠন করা হয়েছে। মৃত্যুর ঘটনা তদন্তের পাশাপাশি সন্দেহভাজন ভেজাল মদের উৎস ও সরবরাহ চক্র শনাক্ত করবে দলটি।

মৃত্যুর কারণ নিশ্চিত করতে মদের নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য গুয়াহাটিতে পাঠানো হয়েছে। কেজো বলেন, আমরা কিছু সূত্র পেয়েছি, তবে বিস্তারিত জানানোর মতো সময় এখনো আসেনি।

মৃত্যুর ঘটনার পর পুলিশ একাধিক অভিযান চালিয়েছে। এসব অভিযানে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় ৩ হাজার বোতল মদ জব্দ করা হয়েছে।

পুলিশ মানুষকে অজ্ঞাত, লেবেলবিহীন বা সন্দেহভাজন অবৈধ মদ পান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। মদ পানের পর কারো মাথা ঘোরা, ঝাপসা দেখা, শ্বাসকষ্ট বা জ্ঞান হারানোর মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।

আরও খবর