চট্টগ্রামে রথযাত্রা—কঠোর নিরাপত্তা ও ট্রাফিক নির্দেশনা
আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে উদ্যাপনের লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
বৃহস্পতিবার (৯ জুলাই) দামপাড়াস্থ সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি’র পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী।
রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে নগরীতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েনসহ বহুমুখী নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করেছে সিএমপি। সভায় জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষায় মাঠ পর্যায়ে নিয়োজিত থাকবে: পিকেট পার্টি ও টহল পার্টি (ফুট ও হোন্ডা মোবাইল), রুফটপ ডিউটি (ছাদ থেকে নজরদারি), সাদা পোশাকে ডিবি ও বিশেষ গোয়েন্দা টিম, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিশেষায়িত সোয়াট (SWAT) ও বম্ব ডিসপোজাল টিম, যানজট নিয়ন্ত্রণে নিয়োজিত বিশেষ ট্রাফিক পুলিশ।
রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উদ্যাপন কমিটি ও সম্মানিত নগরবাসীর প্রতি পুলিশ কমিশনার কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা ও বিনীত অনুরোধ জানিয়েছেন। তা হলো—
১. সময় ও রুট নির্ধারণ: প্রতিটি রথযাত্রা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে এবং আগে থেকে নির্ধারিত রুটেই পরিচালনা করতে হবে। মিছিলের মাঝপথে নতুন করে কারও প্রবেশ করা যাবে না।
২. ধর্মীয় সম্প্রীতি: আজান ও নামাজের সময় লাউড স্পিকার বা মাইক বাজানো থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।
৩. নিজস্ব স্বেচ্ছাসেবক ও সতর্কতা: উদ্যাপন কমিটিকে পর্যাপ্ত নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে। এছাড়া সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু দেখলে তাৎক্ষণিক পুলিশকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
৪. ব্যাগ বহনে নিষেধাজ্ঞা: নিরাপত্তার স্বার্থে ব্যাগ, পোটলা বা ঝোলা নিয়ে রথযাত্রায় অংশগ্রহণ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মতবিনিময় সভায় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন-অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, ফয়সাল আহম্মেদ, হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, ডিসি সদর মোঃ ফেরদৌস আলী চৌধুরী ডিসি দক্ষিণ হাবিবুর রহমান প্রমুখ। চট্টগ্রামস্থ ইস্কন নেতৃবৃন্দ, তুলশী ধাম পরিচালনা পরিষদ এবং রথযাত্রা উদ্যাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
