আকাশ হত্যায় কিশোর গ্যাংয়ের আরও এক সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের পাহাড়তলীর বিটাকের এসটেক প্লাস্টিক ফ্যাক্টরির পাশে আকাশ দাশকে (২৬) ছুরিকাঘাতে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাতুলকে (২০) গ্রেপ্তার করেছে র্যাব-০৭। কিশোর গ্যাং সদস্য রাতুল ইপিজেড থানা এলাকায় আত্মগোপনে ছিল এবং র্যাবের অভিযানে গ্রেপ্তার হয়। এ নিয়ে আকাশ হত্যা তিন আসামি গ্রেপ্তার করলো র্যাব।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাবের সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি বলেন, ১৪ মার্চ বিকেল আনুমানিক ৩টার দিকে র্যাব-৭-এর একটি দল ইপিজেড থানার আকমল আলী পকেট গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রাতুল পাহাড়তলী থানার বাইন্নাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরির শোল্ডার শাখার কর্মচারী মাইকেলকে স্থানীয় সন্ত্রাসীরা পূর্বশত্রুতার জেরে ফ্যাক্টরির সামনের গেট থেকে টেনে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ ঘটনায় আকাশ দাশ এগিয়ে এসে মাইকেলকে উদ্ধার করে ফ্যাক্টরির মূল গেটের কাছে নিয়ে আসেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত মো. রাতুলসহ অজ্ঞাতনামা ১২ থেকে ১৫ জন সন্ত্রাসী পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে আকাশ দাশকে গুরুতরভাবে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আকাশ দাশ দক্ষিণ কাট্টলী ধোপাপাড়া এলাকার বাবুল দাশের ছেলে। তিনি পাহাড়তলী এলাকার এসটেক প্লাস্টিক ফ্যাক্টরিতে হেলপার হিসেবে কাজ করতেন। এ ঘটনায় নিহতের বাবা বাবুল দাশ বাদী হয়ে পাহাড়তলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
