চট্টগ্রাম হালিশহরে বোনের বাড়িতে গিয়ে বোনকে বঁটি দিয়ে কুপিয়ে নিশংসভাবে হত্যা করার অভিযোগ উঠেছে ভিকটিমের সৎ ভাইয়ের বিরুদ্ধে। সোমবার রাতে হালিশহর থানার ঈদগাঁ বড় পুকুর দক্ষিণ পাড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানে আলম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে।

নির্মম হত্যাকাণ্ডের শিকার নারীর নাম ছেনুয়ারা বেগম (৫৮)। তিনি ওই এলাকার সাবের আহমদের স্ত্রী। ঘটনার সময় নিহতের স্বামী ও ছেলে মসজিদে ছিলেন।

হালিশহর থানার ওসি কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন জানান, ভিকটিম ছেনুয়ারা বেগমের বাড়িতে গিয়ে তার সৎ ভাই জানে আলম তাকে কুপিয়েছে। তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি আহসান।

স্থানীয়রা জানান, জানে আলম বোনকে হত্যার পর বোরকা পরে পালিয়ে যাওয়ার সময় শরীরে ও হাতে রক্তাক্ত অবস্থায় ধরে ফেলে ছেনোয়ারা বেগমের প্রতিবেশীরা। তাকে গণপিটুনি দেওয়ার চেষ্টা করলে হালিশহর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ আরও জানায়, জানে আলম ঋণগ্রস্থ। ঋণ থেকে মুক্ত হতে বোনের স্বর্ণলঙ্কার লুট করতে চেয়েছে বলে তথ্য পাওয়া গেছে। বোরকা পরে বোনের বাসায় লুট করতে গেলে বোন তাকে চিনে ফেলে। এজন্য বোনকে কুপিয়ে হত্যা করছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিস্তারিত নিশ্চিত হতে আমরা জানে আলমকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ড আবেদন করবো।

আরও খবর