সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন, আটক ১৩
চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র উপকূল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৯টি ড্রেজার জব্দসহ ১৩ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় সমুদ্র উপকূল থেকে বালু উত্তোলন এবং পাইপলাইনের মাধ্যমে কৃষিজমি ভরাট কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উপকূলের নির্দিষ্ট স্থান থেকে সীমিত পরিসরে বালু উত্তোলনের অনুমতি দিলেও সাগরের ভেতর থেকে বালু উত্তোলনের কোনো অনুমোদন নেই। সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠান বন্দরের শর্ত ভঙ্গ করে অবৈধভাবে বালু উত্তোলন করছিল।
স্থানীয়দের অভিযোগ, সীতাকুণ্ড উপজেলার কুমিরা, বাঁশবাড়িয়া, মুরাদপুর ও সৈয়দপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। বিশেষ করে বড় পাইপলাইনের মাধ্যমে সাগর থেকে বালু তুলে দুই ও তিন ফসলি উর্বর জমি ভরাট করা হচ্ছিল।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
