চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে যোগ দিয়েছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাসান মোঃ শওকত আলী। বুধবার (১ এপ্রিল) তিনি ৩৪তম সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
বুধবার তিনি বিদায়ী কমিশনার হাসিব আজিজ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। এ সময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ নবনিযুক্ত সিএমপি কমিশনারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, নগরবাসীকে স্বস্তিতে রাখতে সব পদক্ষেপ গ্রহণ করা হবে। বিশেষতঃ চাঁদাবাজি, কিশোর গ্যাং, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সিএমপি চলবে।
তিনি আরও বলেন, চাঁদাবাজ, কিশোর গ্যাং লিডার এবং মাদক কারবারীদের তথ্য হালনাগাদ করতে অফিসারদের নির্দেশনা দেয়া হয়েছে। আইনশৃংখলা রক্ষায় আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।
নবাগত সিএমপি কমিশনার ১৯৯৯ সালে ১৮তম বিসিএস-এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া, হাইতি ও মালিতে দায়িত্ব পালন করেন। সিএমপিতে যোগদানের পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিআইজি (লজিস্টিক) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

আরও খবর