সিএমপি ছাড়ার আগে ৩ থানার ওসি বদলালেন কমিশনার
চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) কমিশনার পদ ছাড়ার আগে পাচঁলাইশ, বায়েজিদ বোস্তামী ও খুলশী থানার ওসি পদে রদবদল করলেন হাসিব আজিজ। এর মধ্যে খুলশী থানায় নতুন ওসিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদলের বিষয়টি জানানো হয়।
আদেশ অনুযায়ী, পাচঁলাইশ মডেল থানার ওসি মো. আব্দুল করিমকে বদলি করে বায়েজিদ বোস্তামী থানায় পাঠানো হয়েছে। বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. জাহেদুল কবিরকে বদলি করে সিটিএসবিতে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। সিএমপির লাইনওয়ারের পরিদর্শক মো. আরিফুর রহমানকে খুলশী থানার ওসি করা হয়েছে। অন্যদিকে খুলশী থানার ওসি মো. জাহেদুল ইসলামকে বদলি করে পাচঁলাইশ মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
একই অফিস আদেশে আরও রদবদল করা হয়েছে। এর মধ্যে সিএমপির লাইনওয়ারের পরিদর্শক জামিল হোসেন জিয়াকে ডিবি উত্তর, পরিদর্শক জসিম উদ্দিনকে ডিবি দক্ষিণ এবং শহর ও যানবাহন পরিদর্শক সাইফুর রহমানকে টিআই সিটি গেট হিসেবে বদলি করা হয়েছে।
নতুন খুলশী থানার ওসি আরিফুর রহমান এর আগে সদরঘাট থানায় দায়িত্ব পালন করেন। জামিল হোসেন জিয়া ছিলেন ডবলমুরিং থানার ওসি আর জসিম উদ্দিন দায়িত্ব পালন করেছেন চান্দগাঁও থানায়। তাদেরকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তাদের সিএমপির লাইনওয়ারে সংযুক্ত করা হয়েছিল।
