সিআইপি মুজিবের বাড়ি লক্ষ্য করে ব্রাশ ফায়ার
চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী ও সাবেক এমপি মুজিবুর রহমান সিআইপির বাড়ি লক্ষ্য করে আবারও গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রয়ারি) ভোরে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত চট্টগ্রাম নগরের চন্দনপুরা এলাকায় এ হামলা চালায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে হাজী গামছা মুখ মোড়ানো এক যুবক প্রথমে অস্ত্র তাক করে ব্রাশফায়ার করে। তারপর আরও দুইজন পর পর কয়েক রাউন্ড গুলি করে। এরপর চারজন একসঙ্গে এলাকা ত্যাগ করে। আরেকটি ফুটেজে মোট ছয়জনকে দেখা গেছে।
চকবাজার থানার ওসি বাবুল আজাদ বলেন, শিল্পপতি মুজিব সাহেবের বাড়ির পিছন থেকে সন্ত্রাসীরা গুলি করেছে। আমাদের ফোর্স ছিল বাড়ির সামনের অংশে। গুলি করে কয়েক সেকেন্ডের মধ্যে তারা পালিয়ে যায়। আমরা তাদের শনাক্ত করা চেষ্টা করছি।
স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি মুজিব চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাঁশখালী আসনের সাবেক সংসদ সদস্য। তিনি একাধিকবার বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত থাকলেও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
এর আগে গত ২ জানুয়ারি সকাল ৭টার দিকে একটি মাইক্রোবাসে করে ৭ থেকে ৮ জন ব্যক্তি মুজিবুর রহমানের বাড়িতে এসে গেট ও পেছনের অংশ লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। হামলাকারীদের সবার মুখে মাস্ক ছিল।
এর আগে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ফোন করে মুজিবুর রহমানের কাছে কোটি টাকা চাঁদা দাবি করেছিলো। চাঁদা না পাওয়ায় ভয় দেখানোর উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।
