বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়বো, তরুণদের নিয়ে পলিসি করবো, কিন্তু তরুণদের মনের কথা শুনবো না এটা তো হবে না। আমাদের তরুণদের মনের কথা জানতে হবে, তাদের চাওয়া পাওয়া শুনতে হবে। তারা কী ভাবছে, তাদের চাহিদা কী, আমরা কোন কোন জায়গায় ভালো কিছু করতে পারবো, এগুলো জানা দরকার। এখান থেকে আমিও কিছু জ্ঞান নিয়ে গেলাম।
দেশ গড়তে হলে সবাইকে নিয়ে গড়তে হবে, সবার কথা শুনতে হবে, বুঝতে হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ইপিজেড থানার আকবর আলী সড়কের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় ‘ইউথ টক’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খসরু বলেন, আমরা অন্য ফরমেটেও তরুণদের কথা শুনবো, নাগরিকদের মনের কথা শুনবো। নাগরিকদের মনের কথা না শুনলে দেশ চালাবেন কী করে? তাদের সাথে আমাদের যোগাযোগ বাড়াতে হবে।
এটা অংশগ্রহণমূলক গণতন্ত্র, গণতন্ত্রের একটা অংশ। অর্থনীতি খেলাধুলা সংস্কৃতি সব গণতন্ত্রায়ন করতে হবে।

তরুণদের নিয়ে গঠিত ব্যতিক্রমী এ অনুষ্ঠানে খসরু তরুণদের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন বিষয় জানতে চান।

তানভীর আহমেদ ও সুমনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক উপ কমিটির সদস্য ইসরাফিল খসরু। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর আলম, সদস্য সরফরাজ কাদের রাসেল, বিএনপি নেতা মো. আশরাফ, ডাক্তার ফারহানাজ মাবুদ সিলভীসহ তরুণ পেশাজীবিরা।

আরও খবর