মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ১১ মার্চ (বুধবার) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরো ৫ ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে মোট বাতিল ফ্লাইট হলো ১০০টি।

​বিমানবন্দর সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা এয়ারফিল্ড এখনও সীমিত পরিসরে বন্ধ রাখা হয়েছে। ফলে বুধবার সারাদিনে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ৫টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

বিমানবন্দর জনসংযোগ বিভাগ জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই রুটের দুটি আসা (অ্যারাইভাল) ও দুটি যাওয়া (ডিপারচার) মিলিয়ে মোট ৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী একটি গুরুত্বপূর্ণ ফ্লাইটও আজ উড্ডয়ন করতে পারেনি।

পরিসংখ্যান অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বমোট ১০০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হলো। এতে বিপুলসংখ্যক প্রবাসী যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন।

ফ্লাইট বাতিলের দুঃসংবাদের মধ্যেও কিছুটা স্বস্তির খবর দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার অ্যারাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি থেকে চট্টগ্রাম অভিমুখী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।
আজ সারাদিনে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৮টি অ্যারাইভাল এবং ৫টি ডিপারচার ফ্লাইট সচল ছিল।

​শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও খবর